অজয় নদের জলস্তর বিপদসীমা ছুঁতে চলেছে বলে সতর্কতা জারি করল প্রশাসন
দি নিউজ লায়ন; পূর্ব বর্ধমানে বৃষ্টি জেরে সমস্ত জায়গায় বাড়ছে জল স্তর। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে ২১,৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ পাঞ্চেত থেকে ৯০০০ কিউসেক এবং মাইথন থেকে ৬০০০ কিউসেক অর্থাৎ মোট পনেরো হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুটো ড্যাম থেকে।
তবে এই পরিমাণ জল ছাড়ার ফলে দামোদরের নিম্নবর্তি এলাকায় এখনই ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে সেচ দফতরের আধিকারিক সূত্রে। যদিও স্থানীয় বাসিন্দারা আতংকে রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে জল ছাড়ায় অজয় নদের জলস্তর বিপদসীমা ছুঁতে চলেছে। তাই শুক্রবার আউশগ্রামে অজয়নদ তীরবর্তী বসতি এলাকায় সতর্কতা জারি করে প্রচার করা হল প্রশাসনের পক্ষ থেকে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তার ফলে অজয় নদের জলস্তর বিপদসীমা ছুঁয়ে যেতে পারে। এদিন বিকেলে আউশগ্রাম ২ ব্লকের রামনগর ও ভেদিয়া অঞ্চল এলাকায় অজয়নদ সংলগ্ন জনবসতি এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। আউশগ্রাম ২ বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আগাম সতর্কতা নিচ্ছি। সাধারণ মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক হন তানিয়ে প্রচার করছি।"

Post a Comment